প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
হালিশহর থেকে চুরি হওয়া পুলিশের টহল গাড়ি কর্ণফুলী এলাকায় উদ্ধার, গ্রেপ্তার ১

পারভেজ বাঙালী,চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামে হালিশহর থানা পুলিশের সরকারি টহল গাড়ি চুরির কয়েক ঘণ্টার মধ্যেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ (দিবা) ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সিএমপি-১৮০ নম্বরের সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি সেখানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও গাড়িটির সন্ধান মেলেনি।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাত এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যায়।
ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এবং পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। পুলিশের বিশেষ তৎপরতায় একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কর্ণফুলী এলাকায় গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তের ভিত্তিতে প্রধান আসামি রুবেলকে (৪০) ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪